প্রযুক্তির সঙ্গে প্রগতিকেও এগিয়ে নেয়ার আহ্বান পলকের

২৬ মার্চ, ২০২১ ১২:৫২  

শুধুমাত্র প্রযুক্তি নয়, প্রযুক্তির সঙ্গে প্রগতিকেও এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর অসমাপ্ত সাংস্কৃতিক আন্দোলনকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২৫ মার্চ, রাতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আইসিটি বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান, আগামী দিনের সাংস্কৃতিক মুক্তির আন্দোলন সফল করার জন্য ডিজিটাল প্লাটফর্মে সুসম্পন্ন করতে হবে।

তিনি বলেন, 'শুধুমাত্র প্রযুক্তি নয়, প্রযুক্তির সঙ্গে প্রগতিকেও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রযুক্তির সাথে যখন প্রগতিকে আমরা সম্পৃক্ত করতে পারবো তখনই কিন্তু আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করতে পারবো।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সৃজনশীল নেতা উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বে হয়তো অনেক প্রগতিশীল নেতা রয়েছেন, বিশ্বে এখন অনেক প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি আছেন কিন্তু আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শুধু একজন সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী নন; তিনি কিন্তু একজন সৃজনশীল নেতা। তার কাজের মধ্যে শিল্পীর তুলির ছোঁয়া আছে। যেভাবে তিনি পদ্মা সেতু নির্মাণ করছেন দৃঢ়তা, সাহসিকতা-সততার সাথে, অপরদিকে তিনি শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিকর্মীদের খেয়াল রাখছেন। কে কোথায় কেমন রয়েছেন সেই খেয়ালও রাখছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী রফিকুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্বনামধন্য বাংলাদেশী নজরুলগীতি শিল্পী শাহীন সামাদ, সঙ্গীত শিল্পী এসআই টুটুল, কৌশিক হোসেন তাপসসহ প্রমুখ।